মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডার টপকে উলটো লেনে গাড়ি, আহত ৪

মা ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উলটো লেনে উঠে যায় একটি গাড়ি, সংঘর্ষে আহত ৪। যান চলাচল ব্যাহত। তদন্ত শুরু পুলিশের।

Share:

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: শনিবার সকালে কলকাতাতে মা ফ্লাইওভারে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে।

বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উলটো লেনে উঠে যায় এবং বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুটি গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হন দুই গাড়ির মোট চারজন যাত্রী। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনকে এসএসকেএম হাসপাতালে এবং বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, পার্কসার্কাসের দিক থেকে একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য মা ফ্লাইওভারে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারন মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ দুটি ক্ষতিগ্রস্ত গাড়িকেই আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনার ফলে ফ্লাইওভারে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।