ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬ : নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া দাম নিয়ে এবার ব্যবসায়ী সংগঠনগুলির উপর চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ নজরে সর্ষের তেল ও চিনি। দাম কমাতে ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার নবান্ন সভাঘরে কৃষি বিপণন দফতরকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে পোস্তা মার্কেট অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই বাজারদর নিয়ে নিজের অসন্তোষের কথা জানান মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, রাজ্য সরকার তাঁদের সবরকম সহযোগিতা করছে। অথচ পণ্যের দাম কমানোর ক্ষেত্রে সেই সহযোগিতা মিলছে না। বিশেষ করে সর্ষের তেলের দাম কমানোর উপর জোর দেন তিনি। চিনির দাম কিছুটা কমিয়ে ফের বাড়িয়ে দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আর বাড়ানো যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন।
বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপরেও গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের সমস্যা বা প্রস্তাব সরাসরি জানাতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়। প্রতি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কৃষি সচিবের সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিন বিশেষ সচেতনতা শিবিরের আয়োজনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবার দেখার, প্রশাসনের এই উদ্যোগে সর্ষের তেল ও চিনির বাজারদরে কতটা প্রভাব পড়ে এবং সাধারণ মানুষ আদৌ স্বস্তি পান কি না।









