নিউটাউনে মদ্যপ বাইক আরোহীদের তাণ্ডব; কর্তব্যরত সার্জেন্টকে বেধড়ক মার

মদ্যপ বাইক আরোহীদের তাণ্ডবে আহত কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। তিন শিক্ষককে গ্রেপ্তার পুলিশের।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: রাতের অন্ধকারে বেপরোয়া বাইকের দৌরাত্ম্য, সেখান থেকেই বচসার সূত্রপাত। ধরা পড়তেই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ইকোপার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে নিউটাউনের ন’পাড়া এলাকায় একটি বাইকে চড়ে যাচ্ছিলেন বেসরকারি স্কুলের শিক্ষক ওই তিন যুবক। অভিযোগ, তিনজনই সে সময় মদ্যপ অবস্থায় ছিলেন। বাইক নিয়ে রাস্তার উলটো দিক থেকে আসার সময় দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মারে। সেই নিয়ে চালকের সঙ্গে তিন যুবকের বচসা শুরু হয়।

এরপর গোটা বিষয়টি ট্রাফিক পুলিশকে জানান ওই অ্যাপ ক্যাব চালক। অভিযোগ, ট্রাফিক সার্জেন্ট ওই যুবকদের দিকে এগিয়ে আসতেই তাঁর উপর চড়াও হন তাঁরা। বেধড়ক মারধর করা হয় ওই সার্জেন্টকে। এমনকী হেলমেট দিয়ে মাথায় আঘাতও করা হয়।

বৃহস্পতিবার কলকাতা পুলিশ ওড়িশার বাসিন্দা মনমোহন বেহেরা, নীতিশ কুমার সাউ এবং উত্তর দিনাজপুরের বাসিন্দা শুভজিৎ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে।