ব্যুরো নিউজ , ৯ নভেম্বর ২০২৬: নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল এনআরএস হাসপাতালের হাউস স্টাফ চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ। নদিয়ার মাঝেরগ্রামের বাসিন্দা ওই তরুণ চিকিৎসকের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। এমনকী, প্রকাশ্যে জানিয়েছিলেন অসহায়তার কথাও। এই ঘটনায় শোকের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহল ও তাঁর পরিবারে।
জানা গিয়েছে, মৃত্যুর আগে ফেসবুকে একটি পোস্টে অভিজিৎ লিখেছিলেন, ‘দয়া করে আমাকে এই কষ্টকর পরিস্থিতি থেকে নিরাপদে বের হতে সাহায্য করুন। আমি বর্তমানে হস্টেলে থাকছি। কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সন্দেহ হচ্ছে, তাঁরা ক্ষমতার অধিকারী। আমার জরুরিভাবে সুরক্ষা, সহায়তা এবং নিরাপদে বাড়ি ফেরার একটি উপায় প্রয়োজন।’ অন্য একটি পোস্টে তাঁর সংক্ষিপ্ত অথচ উদ্বেগজনক বার্তা ছিল, ‘আমি আর পেরে উঠছি না।’
অভিজিতের এই পোস্টগুলি সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন নিজের নিরাপত্তা নিয়ে এতটা আতঙ্কিত ছিলেন ওই তরুণ চিকিৎসক? কাদের আচরণে তাঁর মধ্যে এই আশঙ্কা তৈরি হয়েছিল? মৃত্যুর আগে তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি এখন তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অন্যদিকে, অভিজিতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন অভিজিৎ। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরছিলেন না। অথচ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছিলেন। এর ফলে পরিবারের সন্দেহ, তাঁকে হয়তো ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করতে বাধা দেওয়া হচ্ছিল। পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের উপরেও প্রভাব পড়তে পারে, এমন হুমকির ইঙ্গিত মিলেছিল বলেও দাবি করেছেন তাঁরা।
মেধাবী তরুণ চিকিৎসকের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক এবং মৃত্যুর নেপথ্যে কোনও ষড়যন্ত্র থাকলে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর আগে অভিজিতের করা সোশ্যাল মিডিয়া পোস্ট, পরিবারের অভিযোগ এবং তাঁর নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন মৃত চিকিৎসকের পরিবার ও পরিচিতরা।










