সন্তানের সঙ্গে দেখা করার অধিকার থেকে বাবা-মাকে বঞ্চিত করা যায় না, জানাল কলকাতা হাইকোর্ট

সন্তানের সম্পূর্ণ হেফাজত না থাকলেও বাবা-মা তাঁদের সন্তানের সঙ্গে দেখা করার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না, জানাল কলকাতা হাইকোর্ট।

Share:

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: সন্তানের সম্পূর্ণ হেফাজত না থাকলেও বাবা-মা তাঁদের সন্তানের সঙ্গে দেখা করার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না। এমনই এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট।

সম্প্রতি এক পারিবারিক মামলায় এই রায় দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করেছে যে, কোনও পরিস্থিতিতেই বাবা-মাকে তাঁদের সন্তানের সান্নিধ্য থেকে দূরে রাখা উচিত নয়। মামলার সূত্রে জানা গিয়েছে, এক নাবালিকা কন্যার সঙ্গে তার বাবার দেখা করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। ২০২৫ সাল থেকে তিনি তাঁর নাবালিকা কন্যার সাথে দেখা করা থেকে বঞ্চিত। যদিও এইবছর পুজোর ছুটির সময় মেয়েকে বাবার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি, তবে আদালত কালীপুজো ও ভাইফোঁটার সময়ে বাবার সঙ্গে সাক্ষাতের অধিকার নিশ্চিত করেছে।

বিচারপতি রিশাদ মেদার বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আগামী ২রা, ৪ঠা এবং ৬ই নভেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নাবালিকাকে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের দপ্তরে নিয়ে আসতে হবে। সেখানে বাবা এবং তাঁর বাবা-মা মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন। প্রয়োজনে মা এবং তাঁর বাবা-মাও উপস্থিত থাকতে পারবেন। আদালত আরও জানিয়েছে, এই সাক্ষাতের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সকল পক্ষকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষকে এই তিন দিন একজন আধিকারিককে উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছে।

এই রায়ে বহু ভুক্তিভোগী অভিভাবকদের মনের মধ্যে আশার আলোর সঞ্চার হয়েছে।