ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: ডাকবিভাগের সেন্ট্রাল কলকাতা ডিভিশনকে উত্তর ও পূর্ব কলকাতার সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে পথে নামলেন ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মীরা।
বৃহস্পতিবার যোগাযোগ ভবনের সামনে বিক্ষোভ ও অনশন করে তাঁরা এই সংযুক্তিকরণের তীব্র বিরোধিতা করেন। কর্মীদের মূল দাবি, ঐতিহ্যবাহী সেন্ট্রাল কলকাতা ডিভিশনের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে হবে। এটিকে অন্য ডিভিশনের সঙ্গে জুড়ে দেওয়ার পরিবর্তে এর পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে জোর দেওয়া হোক।
সংগঠনের অভিযোগ, এই সংযুক্তিকরণ কার্যকর হলে কর্মীদের পোস্টিং, চাকরির নিরাপত্তা, কর্মীকল্যাণ এবং প্রশাসনিক কাজকর্ম নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেবে। দীর্ঘ ২০ থেকে ৩০ বছর ধরে সেন্ট্রাল কলকাতা ডিভিশনে কর্মরত কর্মীদের ভবিষ্যৎ নিয়েও তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, ডিভিশনের স্বতন্ত্র পরিচয় ও প্রশাসনিক কাঠামো ভেঙে গেলে কর্মীদের ছুটি, গ্র্যাচুইটি, নথিপত্র এবং অ্যাকাউন্ট সংক্রান্ত কাজেও জটিলতা বাড়বে।
ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ সার্কেলের সার্কেল সেক্রেটারি স্বর্ণেন্দু চক্রবর্তী বলেন, “সেন্ট্রাল কলকাতা একটি ঐতিহ্যবাহী ডিভিশন। একে অন্য ডিভিশনের সঙ্গে সংযুক্তিকরণ উচিত নয়।” তিনি আরও জানান, যেখানে বিভিন্ন ক্ষেত্রে ডিভিশন বাড়ানো হচ্ছে, সেখানে এই ধরনের সিদ্ধান্ত কর্মীদের মনোবল ভাঙবে।








