আরজি কর হাসপাতালের দুর্নীতির মামলায় সন্দীপের ঘনিষ্ঠের জামিন, তবে শর্তের বেড়াজালে

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় ব্যবসায়ী সুমন হাজরাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। তবে একাধিক শর্ত আরোপ করা হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় এবার জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা। চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত সুমনকে ২০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তবে, একাধিক শর্ত আরোপ করা হয়েছে তাঁর উপর। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সুমন হাজরাকে নিয়মিত মামলার শুনানিতে হাজিরা দিতে হবে।

পাশাপাশি, কলকাতা, হাওড়া এবং বিধাননগর এলাকার বাইরে তিনি যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে এবং একটি নির্দিষ্ট মোবাইল নম্বর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের কাছে জমা দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তিনি কোনওভাবেই সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। প্রসঙ্গত, এই মাসেই আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মূল অভিযুক্ত, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। তাঁর বিরুদ্ধে হাসপাতালে অধ্যক্ষ থাকাকালীন আর্থিক দুর্নীতি এবং ছাত্র ভর্তিতে অনিয়মের অভিযোগ রয়েছে। সিবিআই তদন্তে একাধিক বেসরকারি সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম উঠে আসার পরেই সুমন হাজরাকে গ্রেফতার করা হয়েছিল।

এর আগে সুমন হাজরার জামিনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। আদালত তখন মন্তব্য করেছিল যে সরকারি অর্থ আত্মসাতের এই অভিযোগ সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল।