ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: ভাইফোঁটার অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া নিয়ে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পিক অ্যান্ড চুজ আর কালেকটিভ, ফারাক তো থাকবেই। আমি বহু মন্ত্রীকে জানি যারা বিরস বদনে বসে থাকতেন ভাইফোঁটায় ডাক পাননি। আমাদের সর্বজনীন ভাইফোঁটা। প্রাইভেট লিমিটেড আর সর্বজনীন, এটাই ফারাক।’
এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ঋতব্রত বলেন, ‘উনি যে চণ্ডীপাঠ করেন, আমি নিয়মিত চণ্ডীপাঠ করি। ভুল পাঠ করছেন, মায়ের সামনে ওরকম ভুল মন্ত্র উচ্চারণ করতে নেই। হাতে চামড়ার ঘড়ি পরে, চামড়া পরে মায়ের সামনে মন্ত্র উচ্চারণ করা যায় না। কালী মায়ের সামনে যে মন্ত্র পাঠ করছেন, আমি খোলা চ্যালেঞ্জ করছি, একটা জায়গায় আসুন। আপনিও চণ্ডীপাঠ করবেন, আমিও করব।’ কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ভিড় না হওয়া নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কোয়াডের লোকেরা আর ওঁর যদি কোনও স্কোয়াড থাকে, তাঁরা যান। আমরা তো নাহয় বাইরের লোক। গদ্দার, বেইমান।’
পাশাপাশি, কীর্তি আজাদের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ঋতব্রত বলেন, ‘আমাদের দেশের সংবিধান ধর্মাচারণের অধিকার দিয়েছে, ধর্ম পালন না করারও অধিকার দিয়েছে। কিন্তু ধর্মকে অপমান করার অধিকার দেয়নি।’ তিনি আরও জানান, তাঁর রাম মন্দির দর্শনের ইচ্ছা আছে এবং তিনি দুইবার আজমের শরিফে গিয়েছেন। তিনি প্রতি বছর চারবার জগন্নাথ ধামে যান বলেও জানান।









