ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। এবার কাঠগড়ায় ইভেন্ট অর্গানাইজার শতদ্রু দত্ত। তাঁর বিরুদ্ধে ৫ কোটি টাকা তোলাবাজি, ভয় দেখানো, মানহানি এবং মারাত্মক অপরাধমূলক ষড়যন্ত্রের লিখিত অভিযোগ দায়ের করেছেন কলকাতার ব্যবসায়ী অভিজিৎ দত্ত। প্রগতি ময়দান থানায় এই অভিযোগ জমা পড়েছে। অভিযোগপত্রে ট্যাংরার বাসিন্দা অভিজিৎ দত্ত দাবি করেছেন, টাকা হাতানোর উদ্দেশ্যে তাঁর ওপর ক্রমাগত হুমকি ও চাপ সৃষ্টি করা হচ্ছে, যার জেরে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত বছর, ২০২৫-এর ১৩ ডিসেম্বর মেসি কলকাতায় এসেছিলেন এবং সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল। এই পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিল শতদ্রু দত্তর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিজিৎ দত্ত ওই অনুষ্ঠানে ‘ইভেন্ট ক্রু’ হিসেবে যোগ দিয়েছিলেন। তাঁর অভিযোগ, শতদ্রু দত্তর টিমের চূড়ান্ত গাফিলতি ও কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মাঠের ভেতরে হাজার হাজার মানুষের সঙ্গে অজ্ঞাতপরিচয় বহিরাগত ঢুকে পড়ে, যার ফলে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিরা হেনস্থার শিকার হন। অভিজিৎ নিজেও শারীরিক নিগ্রহের শিকার হন।
অভিযোগকারীর দাবি, ঘটনার কিছুদিন পরেই শতদ্রু দত্ত নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে অভিজিৎ দত্তকে বিশৃঙ্খলার মূল অপরাধী হিসেবে অভিযুক্ত করেন, যা সম্পূর্ণ মিথ্যা। এরপর তাঁকে আইটিসি সোনার হোটেলে ডেকে নিয়ে গিয়ে ৫ কোটি টাকা মিটিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শতদ্রু দত্তর তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।








