ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ নিউ আলিপুরের সুরুচি সংঘকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসার মধ্যেই ক্লাবের অন্দরে চাঞ্চল্যকর কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের ক্ষোভ চরমে পৌঁছনোর পর ক্লাব চত্বরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরই ক্লাবের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা, আর তখনই সামনে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ক্লাবের ভিতর থেকে উদ্ধার হয়েছে বহু ভোটার তালিকা, যা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। একটি ক্লাব ভবনের মধ্যে এই ধরনের সরকারি নথি রাখার কারণ কী, তা স্পষ্ট নয়।
শুধু তাই নয়, ক্লাবের দোতলায় একটি সুসজ্জিত বসার ঘর পাওয়া গিয়েছে, যেখানে অতিথিদের জন্য আরামদায়ক সোফা ও প্রচুর পানীয় জলের বোতল মজুত ছিল। তবে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে দোতলায় পাওয়া একটি বেডরুম। স্থানীয়দের দাবি, ক্লাবের ভিতরে ব্যক্তিগত ব্যবহারের জন্য এমন সুসজ্জিত ঘর থাকার কোনও যৌক্তিক ব্যাখ্যা এখনও মেলেনি। ঘরটিতে একটি বড় খাট, বিশাল দেওয়াল আলমারি এবং একাধিক ড্রয়ার ছিল। এর সঙ্গে ছিল আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি শৌচাগারও। পুরো ব্যবস্থাই এমনভাবে তৈরি, যা সাধারণ ক্লাবঘরের তুলনায় অনেকটাই আলাদা।
এছাড়াও, ক্লাবের পিছনের অংশে একটি গোয়ালঘরের অস্তিত্ব সামনে এসেছে, যেখানে দুটি গরুও রাখা ছিল বলে স্থানীয় সূত্রের খবর। একটি শহুরে ক্লাবের মধ্যে গোয়ালঘর থাকার কারণ কী, তা নিয়েও প্রশ্ন উঠছে। এই সমস্ত ঘটনাই ঘটছে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির আবহে, যা রাজনৈতিক ও সামাজিক স্তরে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্থানীয়রা সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।








