ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা বাস্তবায়িত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পাঁচ হাজার নতুন বাস কেনার সিদ্ধান্ত ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ঋণ নিয়ে এই বিপুল সংখ্যক বাস কেনা হচ্ছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যের মহিলারা যাতে বিনা খরচে সরকারি বাসে যাতায়াত করতে পারেন, সেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস না থাকায় এই পরিষেবা কার্যকর করা নিয়ে প্রশ্ন উঠছিল। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরের দিনই দিলীপ ঘোষের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “বাস নেই, আর ফ্রি দিয়ে দিলাম, তাতে তো কোনো লাভ নেই। পূর্বতন সরকার সরকারি বাস প্রায় তুলেই দিয়েছে। তাই মহিলাদের বিনামূল্যে যাতায়াতের যে সুবিধা আমাদের সরকার দিয়েছে, তা বাস্তবায়িত করতে গেলে রাস্তায় পর্যাপ্ত বাস প্রয়োজন।” তিনি আরও জানান, এই নতুন বাসগুলি দ্রুত রাজ্যের বিভিন্ন রুটে নামানো হবে, যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি। এই পদক্ষেপ রাজ্যের গণপরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং মহিলাদের জন্য ঘোষিত পরিষেবা আরও সুগম করবে বলে আশা করা হচ্ছে।








