“ব্রকলির সঙ্গে ৩৬-এর আঙ্কড়া!” কেন এই সবুজ সবজিতে চরম আপত্তি অভিষেকের? জানালেন বিশেষজ্ঞরা

Share:

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: ব্রকলি দেখলেই নাক সিঁটকোন অভিষেক বচ্চন! এই সবুজ সবজির সঙ্গে তাঁর সম্পর্ক যে একেবারেই মধুর নয়, তা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি তাঁর সেই পুরনো মন্তব্যের ভিডিও নতুন করে ভাইরাল হতেই শুরু হয়েছে আলোচনা।

২০১৮ সালে ‘দ্য কপিল শর্মা শো’-তে অভিষেক বলেছিলেন, ব্রকলির সঙ্গে তাঁর একেবারেই বনিবনা নেই। এমনকী, এই সবজি কেন তৈরি করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর কথায়, ব্রকলির সঙ্গে তাঁর ‘৩৬ কা আঙ্কড়া’!

কিন্তু কেন কারও কাছে সুস্বাদু খাবার অন্যের কাছে একেবারেই বিস্বাদ? বিশেষজ্ঞদের মতে, এর পিছনে থাকতে পারে জিনগত কারণ। কিছু মানুষকে বলা হয় ‘সুপার টেস্টার’। তাঁদের স্বাদগ্রহণের ক্ষমতা অত্যন্ত সংবেদনশীল। ফলে ব্রকলির মতো সবজির তেতো স্বাদ তাঁদের কাছে অনেক বেশি তীব্র লাগে।

বিশেষজ্ঞদের দাবি, প্রায় ২৫ শতাংশ মানুষ সুপার টেস্টার হতে পারেন। শুধু স্বাদ নয়, খাবারের গন্ধ, গঠন এবং ছোটবেলার খারাপ অভিজ্ঞতাও খাবারের প্রতি অনীহা তৈরি করতে পারে।

তবে ব্রকলি জিনগতভাবে পরিবর্তিত নয়, বরং নির্বাচিত প্রজননের মাধ্যমে তৈরি। বিশেষজ্ঞদের পরামর্শ, ব্রকলির বদলে পুষ্টিগুণের কাছাকাছি দেশীয় ফুলকপিও খেতে পারেন।