ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : মাত্র ১৮ মাস। আর তাতেই যেন পুরোপুরি বদলে গিয়েছেন তিনি। ১১৩ কেজি থেকে সোজা ৭৩ কেজি! ১৯ বছরের নেটপ্রভাবী আদ্যা মেহননীর ওজন কমানোর এই গল্প এখন নেটদুনিয়ায় সবচেয়ে বেশি চর্চিত বিষয়গুলির মধ্যে একটি। কোনও দামি ডায়েট চার্ট নয়, কোনও নামীদামি জিম নয়, কোনও ব্যক্তিগত প্রশিক্ষকও নয়। শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি আর ছোট ছোট বদলকে আঁকড়ে ধরেই নিজেকে নতুন করে গড়ে তুলেছেন আদ্যা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ যাত্রার কথা খোলামেলাভাবে জানিয়েছেন তিনি। আদ্যার মতে, তাঁর লড়াই শুরু হয় ২০২৪ সালের ১ এপ্রিল। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষে জীবনকে নতুনভাবে গড়ার সিদ্ধান্ত নেন তিনি। স্কুলজীবনের শেষ কয়েক বছর ছিল কঠিন। উদ্বেগ, মানসিক চাপ ও অবসাদের সঙ্গে ঋতুচক্রজনিত সমস্যা এবং ক্রমবর্ধমান ওজন তাঁকে ভোগায়। ধীরে ধীরে নিজের শরীর ও চেহারা নিয়ে আত্মবিশ্বাস হারাতে থাকেন তিনি।
কিন্তু ঠিক তখনই মনে জেদ চাপে। অভিনয়ে নিজের জায়গা গড়ার স্বপ্ন তাঁকে স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হতে বাধ্য করে। আদ্যা বোঝেন, এভাবে চললে চলবে না, নিজেকে বদলাতেই হবে। এই ভাবনা থেকেই তাঁর নতুন জীবনের শুরু।
তবে শুরুতেই আদ্যা কঠোর ডায়েট বা কঠিন ব্যায়াম করেননি। প্রথম দুই-তিন মাস কোনো নির্দিষ্ট ডায়েট চার্টও মানেননি। শুধু কী ও কতটা খাচ্ছেন, সেদিকে নজর রাখেন। ভাজাভুজি প্রায় বর্জন করেন, বাইরের খাবার, বেশি তেল ও মশলাদার খাবার কমান। মূল ভরসা বাড়ির সাধারণ ভারতীয় খাবার—ডাল, ভাত, সবজি, রুটি।
আদ্যার মতে, ওজন কমানোর আসল চাবিকাঠি ধারাবাহিকতা। একদিনে সব বদলানো নয়, প্রতিদিন ছোট ছোট ঠিক সিদ্ধান্তই তাঁকে আজকের জায়গায় এনেছে। তাঁর গল্প এখন অনেকের অনুপ্রেরণা, যাঁরা ভাবেন ওজন কমানো মানেই দামি উপকরণ আর কঠিন নিয়ম—তাঁদের কাছে আদ্যার যাত্রা নতুন উত্তর।









