ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: এবার গঙ্গার মতো যমুনার বুকেও উপভোগ করা যাবে ক্রুজ ভ্রমণের অভিজ্ঞতা! পর্যটকদের জন্য নতুন আকর্ষণ নিয়ে হাজির দিল্লি। ১০ নভেম্বর চালু হয়েছে রাজধানীর প্রথম বৈদ্যুতিক ক্রুজ পরিষেবা ‘নমো যমুনা রিভার সাফারি’। উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দরমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
কোথা থেকে কোথায় চলবে ক্রুজ?
এই ইলেকট্রিক ক্রুজ চলবে সোনিয়া বিহার থেকে জগৎপুর পর্যন্ত প্রায় ৫-৬ কিলোমিটার পথে। যাত্রা শেষে আবার ফিরতে হবে শুরুর জায়গায়। গোটা ভ্রমণে সময় লাগবে প্রায় ৪০ মিনিট। একবারে সর্বোচ্চ ৩০ জন যাত্রী উঠতে পারবেন।
টিকিটের দাম কত?
প্রতি যাত্রীর জন্য ক্রুজের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। তবে শুধু বিনোদন চত্বরে ঘুরতে চাইলে প্রবেশমূল্য ৫০ টাকা। অনলাইনে টিকিট বুকিংয়ের জন্য দিল্লি ট্যুরিজমের সরকারি পোর্টালের সাহায্য নেওয়া যাবে।
কী কী সুবিধা থাকছে?
ক্রুজে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত বসার জায়গা, খোলা ডেক এবং যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট। পাশাপাশি নদীর পাড়ে তৈরি হয়েছে শিশুদের খেলার জায়গা, খাবারের দোকান, বিনোদন ও অ্যাডভেঞ্চার জোন। সন্ধ্যায় মিউজিক্যাল ফাউন্টেন এবং লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও আয়োজন রয়েছে।
তবে বর্ষাকালে নদীর পরিস্থিতির কথা মাথায় রেখে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে দিল্লির পর্যটনে নতুন সংযোজন এই ক্রুজ। এবার শহরের কোলাহল ছেড়ে যমুনার বুকে কিছুটা সময় কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা!









