ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: ঐতিহাসিক তাজমহলের সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিলেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের ফ্যাশন স্টেটমেন্ট! আগ্রা সফরে পরিবারের সঙ্গে তাজমহল দর্শনে গিয়ে একেবারে রাজকীয় সাজে ধরা দিলেন অভিনেত্রী। তাঁর পোশাকের সাবলীল আভিজাত্য এবং দামি অ্যাকসেসরিজ ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।
এদিন কঙ্গনার পরনে ছিল আইভরি রঙের একটি এলিগ্যান্ট শাড়ি। সঙ্গে কাঁধে জড়ানো রঙিন প্রিন্টেড শাল। স্লিভলেস ব্লাউজ, কালো সানগ্লাস, কপালে ছোট্ট কালো টিপ এবং পরিপাটি খোঁপায় তাঁর সাজে ফুটে উঠেছিল সাবেকি আভিজাত্য। তবে নজর কেড়েছে তাঁর হাতে থাকা বিলাসবহুল হার্মিস বার্কিন ব্যাগও।
সাদা মার্বেলের তাজমহলের পটভূমিতে কঙ্গনার আইভরি সাজ যেন অন্য মাত্রা যোগ করেছে। কখনও স্মৃতিসৌধের সামনে ছবি তুলেছেন, কখনও পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন আনন্দঘন মুহূর্ত। ভাই অক্ষত, বৌদি ঋতু এবং দুই ভাইপোকেও দেখা গিয়েছে এই সফরে।
তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ কঙ্গনা স্মৃতিসৌধটিকে শিল্প ও ইতিহাসের অপূর্ব মেলবন্ধন বলে উল্লেখ করেছেন। তাঁর এই আগ্রা সফরের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে। সব মিলিয়ে, ঐতিহ্য আর বিলাসিতার মিশেলে কঙ্গনার এই লুক ফ্যাশনপ্রেমীদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।









