মাতৃত্বকালীন চাকরি খোয়ালেন ভারতীয় তরুণী! তাও কেন প্রশংসা ক্যানভা-র?

মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন চাকরি হারানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কর্মক্ষেত্রে নারী সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীনই এল চাকরি হারানোর খবর। যে সংস্থায় কাজ করাকে একসময় স্বপ্নপূরণ বলে মনে করেছিলেন, সেখান থেকেই ছাঁটাইয়ের ইমেল পেলেন এক মহিলা কর্মী। কিন্তু চাকরি হারানোর পরেও সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন না তিনি। বরং কঠিন পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য সংস্থার প্রশংসা করলেন। তাঁর এই আবেগঘন ভিডিওই এখন সমাজমাধ্যমে ভাইরাল।

মহিলার নাম শ্রদ্ধা। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম Canva-তে যোগ দিয়েছিলেন তিনি। সম্প্রতি সংস্থার পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে তাঁর পদটিও প্রভাবিত হয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে শ্রদ্ধা জানান, Canva-তে কাজ করা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো ছিল। প্রায় সাড়ে তিন বছরের কর্মজীবনকে নিজের পেশাদার জীবনের অন্যতম সেরা সময় বলেও উল্লেখ করেন তিনি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীনও সংস্থার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন শ্রদ্ধা। এমনকী, ম্যানেজার ও কোচকে একটি বার্তা পাঠিয়েই কয়েক মাসের জন্য ছুটির মেয়াদ বাড়ানোর অনুমতি পেয়েছিলেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতেও নেই।

তবে শ্রদ্ধার এই অভিজ্ঞতার পিছনে রয়েছে Canva-র বড়সড় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। সংস্থাটি বিশ্বজুড়ে ১,২৭১টি পদে পরিবর্তন বা ছাঁটাইয়ের ঘোষণা করেছে, যা তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২২ শতাংশ। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও CEO মেলানি পারকিন্স জানিয়েছেন, ব্যবসার বৃদ্ধির গতি কমে যাওয়া এবং কাজের ধরনে পরিবর্তনের কারণে এই পুনর্গঠন প্রয়োজন হয়েছে।

ছাঁটাইয়ের পরেও কর্মীদের জন্য কী ব্যবস্থা? Canva-র ঘোষিত সহায়তা প্যাকেজে রয়েছে অন্তত ছয় মাসের বেতন, সংস্থার দেওয়া ম্যাকবুক নিজের কাছে রাখার সুযোগ, ছয় মাসের LinkedIn Premium, কেরিয়ার কাউন্সেলিং এবং ইন্টারভিউ প্রস্তুতির সহায়তা। কিছু দেশে স্বাস্থ্যবিমার সুবিধাও নির্দিষ্ট সময় পর্যন্ত চালু রাখার কথা জানিয়েছে সংস্থা। পাশাপাশি নতুন ব্যবসা বা সামাজিক প্রকল্প শুরু করতে আগ্রহী কর্মীদের জন্য ১০ হাজার ডলার পর্যন্ত অনুদানের সুযোগও রয়েছে।

শ্রদ্ধার ভিডিও প্রকাশ্যে আসার পর বহু সমাজমাধ্যম ব্যবহারকারী তাঁর ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন। কঠিন পরিস্থিতিতেও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কর্মীদের প্রতি সংস্থার আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।