ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: ছুটির সকাল মানেই একটু আলসেমি আর ভালো মন্দ খাবার। সাধারণ ডিম ভাজা বা ওমলেট খেতে খেতে একঘেয়ে লাগলে এবার চেখে দেখতে পারেন স্প্যানিশ অমলেট ও বেকড অমলেট। এই দুই পদই প্রোটিন ও ফাইবারে ভরপুর, যা আপনার সকালের জলখাবারকে করে তুলবে স্বাস্থ্যকর ও সুস্বাদু। এই দুটি সহজ রেসিপি নীচে দেওয়া হল।
স্প্যানিশ অমলেট :
স্প্যানিশ অমলেট তৈরি করা বেশ সহজ। এর জন্য প্রয়োজন ডিম, পেঁয়াজ কুচি, আলু কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। প্রথমে ডিম ফেটিয়ে তাতে সব উপকরণ মিশিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে আলু ও পেঁয়াজ ভেজে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিন। কম আঁচে ঢাকা দিয়ে দুই পিঠ ভেজে নিলেই তৈরি স্প্যানিশ অমলেট। টমেটো সসের সাথে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়।
বেকড অমলেট :
বেকড অমলেট তৈরি করতে প্রয়োজন ডিম, দুধ, সাওয়ার ক্রিম বা দই, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, চিজ, মাখন, নুন ও গোলমরিচ গুঁড়ো। ওভেন প্রিহিট করে ডিম, দুধ, দই, নুন ও গোলমরিচ ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে পেঁয়াজ, ক্যাপসিকাম ও চিজ মিশিয়ে দিন। মাখন লাগানো বেকিং ডিশে মিশ্রণটি ঢেলে ২৫-৩০ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে উপরে চিজ ছড়িয়ে পরিবেশন করুন এই সুস্বাদু বেকড অমলেট।








