ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: গোয়া যাওয়ার পরিকল্পনা করছেন? এবার বেঙ্গালুরু থেকে গোয়া যাত্রা আরও আরামদায়ক করতে ছুটতে চলেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস! শুক্রবার, ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন ট্রেনের উদ্বোধন করেছেন। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত যাত্রী পরিষেবা।
বেঙ্গালুরুর যশবন্তপুর থেকে গোয়ার মাডগাঁও পর্যন্ত চলবে এই ট্রেন। মাঝপথে পড়বে ১২টি স্টেশন। তার মধ্যে রয়েছে শ্রাবণবেলাগোলা, হাসান, সাকলেশপুর, সুব্রহ্মণ্য রোড, কাবাকাপুত্তুর, ম্যাঙ্গালুরু, উদুপি, কুন্দাপুর, বাইন্দুর, মুর্দেশ্বর, গোকর্ণ রোড ও কারওয়ার।
কখন ছাড়বে ট্রেন?
ট্রেন নম্বর ২৬৬৫৫ যশবন্তপুর থেকে সকাল ৭টা ৩৫ মিনিটে ছেড়ে রাত ৮টা ৫৫ মিনিটে মাডগাঁও পৌঁছবে। বুধবার বাদে সপ্তাহে ছয় দিন চলবে ট্রেনটি। ফিরতি ট্রেন ২৬৬৫৬ মাডগাঁও থেকে সকাল ৮টা ২০ মিনিটে ছেড়ে রাত ৯টা ১৫ মিনিটে যশবন্তপুর পৌঁছবে। বৃহস্পতিবার চলবে না এই ট্রেন।
টিকিটের দাম কত?
এসি চেয়ার কারের ভাড়া ২২০০ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ৩৮৬৫ টাকা।
কীভাবে বুক করবেন?
IRCTC ওয়েবসাইট, Rail Connect ও RailOne অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করা যাবে। পাশাপাশি রেলস্টেশনের PRS কাউন্টার থেকেও টিকিট কাটার সুযোগ রয়েছে।
উপকূলীয় কর্ণাটকের সৌন্দর্য উপভোগ করতে করতে গোয়া পৌঁছনোর নতুন সুযোগ এনে দিচ্ছে এই বন্দে ভারত।









