ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ভোট-পরবর্তী হিংসায় নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে ডায়মন্ড হারবারের সাংসদকে যেভাবে হেনস্থা ও শারীরিক নির্যাতন করা হয়েছে, তা নিয়ে সরব হয়েছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে থেকে শুরু করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব— প্রত্যেকেই এই ঘটনাকে ‘খুনের চেষ্টা’ বলে অভিহিত করেছেন।
তাঁদের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশের রহস্যজনক অনুপস্থিতি এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। শনিবার সোনারপুরে অভিষেকের কনভয় লক্ষ্য করে ইট, পাথর ও ডিম ছোড়া হয়। তাঁর শার্টের বোতাম ছিঁড়ে দেওয়া হয় এবং চশমা ভেঙে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিজের মাথা বাঁচাতে শেষ পর্যন্ত ক্রিকেট হেলমেট পরতে বাধ্য হন অভিষেক। নিরাপত্তারক্ষীদের মানব-প্রাচীরের ঘেরাটোপে কোনও রকমে তিনি নিহতের বাড়ি পৌঁছন।
আক্রান্ত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তাঁকে ‘মেরে ফেলার চেষ্টা’ করা হয়েছিল। একটি ইট সরাসরি তাঁর চোখে এসে লেগেছে এবং তাঁর পিঠ, বুক, হাত ও পায়ে ঘুষি মারা হয়েছে। তিনি এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্ট এবং রাজ্যপালের দ্বারস্থ হবেন বলেও জানান। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরেও কেন পুলিশি নিষ্ক্রিয়তা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
যদিও বিজেপির দাবি, এটি কোনও পরিকল্পিত হামলা নয়, বরং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। ইন্ডিয়া জোটের শরিকরা বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’র নিন্দা করেছেন। ডেরেক ও’ব্রায়েন একে ‘গণপিটুনির চেষ্টা’ বলে অভিযোগ করেছেন।








