ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: আহমেদাবাদের থালতেজ এলাকার ম্যাগনেট পার্কে একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় অফিসে প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন। আচমকা আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, ফলে কর্মীদের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। প্রাণ বাঁচাতে অফিসের জানলা ভেঙে বহুতল থেকে ঝাঁপ দেন বহু কর্মী। স্থানীয় বাসিন্দারা মইয়ের সাহায্যে তাঁদের উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুতল থেকে ঝাঁপ দেওয়ার সময়েই মৃত্যু হয় বছর ২৩-এর রচিত প্যাটেলের। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন কর্মী। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। দমকল বাহিনী ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরেই আসল কারণ জানা যাবে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কর্মীদের পরিবারে। উৎসবের মরশুমে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।








