ব্যুরো নিউজ , ২৬ অক্টোবর ২০২৬: ১৭ কোটি টাকারও বেশি আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তামিলনাড়ুর প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা ডিএমকে নেতা অনবিল মহেশ পোয়ামোঝি। বেসরকারি স্কুলকে সরকারি স্বীকৃতি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোমবার চেন্নাইয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এর কয়েক ঘণ্টা আগেই মাদ্রাজ হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। তদন্তকারীদের দাবি, এই মামলায় প্রাক্তন মন্ত্রীর জড়িত থাকার যথেষ্ট প্রমাণ মিলেছে।
পুলিশ সূত্রে খবর, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে পোয়ামোঝি শিক্ষামন্ত্রী থাকাকালীন বেসরকারি স্কুলগুলির কাছ থেকে টাকা তোলা হয়েছিল। স্থায়ী স্বীকৃতি, স্কুলের উন্নীতকরণ এবং ভবন নির্মাণের অনুমোদন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই টাকা নেওয়া হয় বলে অভিযোগ। চেন্নাই পুলিশের কেন্দ্রীয় অপরাধ দমন শাখার দাবি, বিটি আরাসাকুমার নামে এক ব্যক্তির নেতৃত্বাধীন একটি অনিবন্ধিত সংগঠন এই কাজের সঙ্গে যুক্ত ছিল। এই সংগঠন গড়তে প্রাক্তন মন্ত্রী নিজেই সাহায্য করেছিলেন বলেও অভিযোগ। তদন্তকারীরা আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৭৭টিরও বেশি স্কুল কর্তৃপক্ষ অভিযোগ নিয়ে সামনে এসেছে। তদন্তে ১৭ কোটি ২৬ লক্ষ টাকার কথিত লেনদেনের হদিস মিলেছে। যদিও মামলায় মোট আর্থিক অনিয়মের পরিমাণ আরও বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সংগৃহীত টাকা পরে ‘দলীয় তহবিল’ হিসেবে মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই গ্রেফতারি তামিলনাড়ুর রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ পোয়ামোঝি ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।








