দুর্নীতির অভিযোগে কাতারে গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান শেখ আবদুল হান্নান

বাংলাদেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান শেখ আবদুল হান্নানকে দুর্নীতির অভিযোগে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোল এই খবর নিশ্চিত করেছে।

Share:

ব্যুরো নিউজ, ১৯ অক্টোবর ২০২৬: বাংলাদেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান শেখ আবদুল হান্নানকে দুর্নীতির অভিযোগে কাতার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ই অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে কাতারের পুলিশ। ইন্টারপোলের তরফ থেকে এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের বায়ুসেনা প্রধানের পদে ছিলেন হান্নান। সরকার পরিবর্তনের পর থেকেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, অবসরপ্রাপ্ত এই বায়ুসেনা প্রধানের বিরুদ্ধে হিসাব বহির্ভূত আয়ের অভিযোগ রয়েছে। তাঁর আয়ের উৎসের বাইরে ৩.২৮ কোটি টাকারও বেশি সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এছাড়াও, ছয়টি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৭.৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি। হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও ১ কোটি ৯১ লক্ষ টাকার অবৈধ সম্পদ এবং ৩২টি অ্যাকাউন্টে ১ কোটি ১৮ লক্ষ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে।

বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলির দাবি, বিদেশে সম্পত্তি গড়ার পাশাপাশি কানাডা ও দুবাইতে টাকা পাচারের প্রমাণও পাওয়া গিয়েছে হান্নানের বিরুদ্ধে। তাঁর ছেলে-মেয়েদের নামে তিনটি দেশে সম্পত্তি রয়েছে বলেও অভিযোগ। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে গত বছর ১১ই নভেম্বর বাংলাদেশের আদালত শেখ আবদুল হান্নানের দুটি ফ্ল্যাট বাজেয়াপ্ত এবং দশটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছিল। এবার ইন্টারপোলের সহযোগিতায় কাতার থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হলো। এই গ্রেপ্তারি বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযানে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রধানমন্ত্রী তারিক রেহমানের সরকার।