রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফেরালেন বাংলার গুন্ডাদমন বিল, কেন্দ্রের সুপারিশে সংঘাত NDPS আইনের সঙ্গে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলার গুন্ডাদমন বিল ফেরত পাঠালেন। NDPS আইনের সঙ্গে সংঘাতের কারণে কেন্দ্রের সুপারিশে এই সিদ্ধান্ত। রাজ্য রাজনীতিতে বিতর্ক।

Share:

ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬:  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের গুন্ডাদমন বিল, ২০২৬-এ সম্মতি না দিয়ে তা ফেরত পাঠিয়েছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি অনুযায়ী, কেন্দ্রের সুপারিশ মেনেই রাষ্ট্রপতি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বিলের একটি অংশের সঙ্গে ১৯৮৫ সালের মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ আইন (NDPS Act)-এর সংঘাত তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে, এই আইনি জটিলতার কারণেই বিলটি ফেরত পাঠানো হয়েছে।

গত ২৯ জুন, রাজ্য বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ বা সংক্ষেপে ‘গুন্ডাদমন বিল’ পাশ হয়েছিল। এই বিলের খসড়ায় বলা হয়েছিল, যদি প্রশাসন মনে করে যে কোনও নির্দিষ্ট ব্যক্তি জননিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন অথবা কোনও বড়সড় সমাজবিরোধী অপরাধের চক্রান্ত করছেন, তবে অপরাধ সংঘটিত হওয়ার আগেই তাঁকে বিনা বিচারে সর্বোচ্চ ১২ মাস অর্থাৎ ১ বছর পর্যন্ত আটকে রাখা যাবে। এছাড়াও, সরকারি সম্পত্তি ভাঙচুর করলে সরকার নির্ধারিত কমিশন চাইলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণের চেয়েও দ্বিগুণ ‘দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ’ বা জরিমানা চাপাতে পারবে। এই বিলের উদ্দেশ্য ছিল রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ দমন করে জননিরাপত্তা সুনিশ্চিত করা। রাষ্ট্রপতির এই বিল ফেরত পাঠানোর সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করতে ছাড়ছে না। তাদের অভিযোগ, রাজ্য সরকারের জননিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিলকে রাজনৈতিক উদ্দেশ্যে আটকে রাখা হচ্ছে এবং রাজ্যের আইন প্রণয়নের অধিকার খর্ব করা হচ্ছে। অন্যদিকে, বিরোধীরা এই ঘটনাকে রাজ্য সরকারের বিল তৈরির ত্রুটি এবং আইনি দুর্বলতা হিসেবেই দেখছে, যা রাজ্যের আইন বিভাগের ব্যর্থতা প্রমাণ করে।