ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে গতি এসেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অনুমোদনের পর এবার বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাংলাজুড়ে কৃষকদের জন্য ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি ভুবনেশ্বরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড, বিহার এবং ছত্তিশগড় নিয়ে আয়োজিত এক সম্মেলনে এই ঘোষণা করেন।
তিনি স্পষ্ট জানান, বিহার ও ওড়িশায় ইতিমধ্যেই কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র তৈরির কাজ শুরু হয়েছে এবং এবার বাংলাতেও তা কার্যকর হবে। এই ডিজিটাল পরিচয়পত্র তৈরি হলে রাজ্যের কৃষকরা বহুলাংশে উপকৃত হবেন। ফসলের খতিয়ান, বীমা, ঋণ, ভর্তুকি ও জমি সংক্রান্ত যাবতীয় তথ্য এই পরিচয়পত্রের সঙ্গে নথিভুক্ত থাকবে। এর ফলে সরকারের পক্ষে কৃষকদের জন্য নীতি প্রণয়ন করা অনেক সহজ হবে। জানা গিয়েছে, বাংলার মোট ৭২ লক্ষ কৃষকের জন্য এই বিশেষ কার্ড তৈরি হবে। ২০২৪ সালে কেন্দ্রীয় সরকার এই পরিচয়পত্র বানানোর জন্য ২৮১৭ কোটি টাকা বরাদ্দ করেছিল।
প্রসঙ্গত, ওই সম্মেলনে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি জানান, এতদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাংলায় বাস্তবায়িত হয়নি এবং কৃষকদের প্রাপ্য বরাদ্দ আটকে ছিল। তিনি বকেয়া টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকানোর অনুরোধ করেছেন। খুব শীঘ্রই রাজ্যের কৃষকদের হাতে এই ডিজিটাল পরিচয়পত্র তুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলার কৃষকরা আর বঞ্চিত হবেন না এবং আধুনিক কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন।








