ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: বেঙ্গালুরুর এক বিলাসবহুল পাঁচতারা হোটেলে ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জার্মানি ও স্লোভাকিয়ার দুই নাগরিকের। মৃতদের মধ্যে একজন লুফথানসা এয়ারলাইন্সের ক্রু সদস্য এবং অন্যজন আইবিএমের প্রজেক্ট ম্যানেজার ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থাইস (৫৭) এবং স্লোভাকিয়ার নাগরিক জুরাজ হরভাত (৪৫)। শুক্রবার সন্ধ্যায় হোটেলের চারতলার সুইমিং পুলে তাঁরা নামার পরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কী কারণে সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। দু’জনকে জলে পড়ে যেতে দেখে উদ্ধারের জন্য এগিয়ে আসেন সেখানে উপস্থিত থাকা এক মার্কিন নাগরিক ম্যাথিউস ডিস্যান্টিস এবং হোটেলের কর্মী তথা পুল অ্যাটেনডেন্ট রাহুল তিওয়ারি। তাঁদের সাহসিকতা সত্ত্বেও, বিদ্যুৎস্পৃষ্টের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুই বিদেশির মৃত্যু হয়। উদ্ধার করতে গিয়ে আহত হন ম্যাথিউস এবং রাহুল। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় হোটেলের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উৎসবের মরশুমে এমন ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।








