ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ নয়াদিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত থেকে ‘পুশ-ইন’ বন্ধের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-কে জোরালো আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৮ থেকে ১১ জুন পর্যন্ত চলা এই বৈঠকে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, মানবপাচার এবং অবৈধ অভিবাসনের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হলেও, ‘পুশ-ইন’ ইস্যুতে কোনো কার্যকর সমাধান সূত্র মেলেনি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের দিক থেকে জোর করে রোহিঙ্গা, মিয়ানমার নাগরিক এবং ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার সাম্প্রতিক ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিজিবি মহাপরিচালক উল্লেখ করেছেন যে, এই ধরনের কার্যকলাপ সীমান্ত বিষয়ক যৌথ নির্দেশিকা এবং দ্বিপাক্ষিক প্রোটোকলের পরিপন্থী। বিজিবি স্পষ্ট জানিয়েছে, যদি কোনো ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক হিসেবে যাচাই করা যায়, তবে প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তাদের গ্রহণ করা হবে।
তবে, বিএসএফ-এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে সীমান্ত অবকাঠামো নির্মাণ, আস্থা বৃদ্ধি এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিষয়গুলিতে জোর দেওয়া হলেও, ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’ ইস্যু নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে, বৈঠকের পর প্রথাগত যৌথ বিবৃতি না দিয়ে দুই পক্ষের আলাদা আলাদা বিবৃতি প্রকাশ ইতিবাচক ইঙ্গিত বহন করে না। এই পরিস্থিতিতে সীমান্তে স্বস্তি ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যান্য আলোচ্য বিষয়ের মধ্যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফ মহাপরিচালককে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। এছাড়াও অবৈধ অভিবাসন এবং পার্বত্য অঞ্চলের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ নিয়েও আলোচনা হয়।








