সিঙ্গাপুরে আদালত অবমাননার দায়ে বাইজুসের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের ৬ মাসের জেল

সিঙ্গাপুরে আদালত অবমাননার দায়ে বাইজুসের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনকে ৬ মাসের জেল ও জরিমানা। সম্পত্তি সংক্রান্ত নির্দেশ অমান্য করার অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ :  সিঙ্গাপুরে আদালত অবমাননার এক গুরুতর মামলায় বড় ধাক্কা খেলেন এডটেক সংস্থা বাইজুসের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন। সিঙ্গাপুরের একটি আদালত তাঁকে ছ’মাসের জেলের সাজা দিয়েছে। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে এই রায় দেওয়া হয়েছে। মামলার সঙ্গে যুক্ত সূত্র মারফত এই খবর জানা গিয়েছে।

আদালতের দাবি, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বাইজু রবীন্দ্রন তাঁর সম্পত্তি সংক্রান্ত একাধিক নির্দেশ ধারাবাহিকভাবে অমান্য করেছেন। এই কারণেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁকে অবিলম্বে আত্মসমর্পণ করতে হবে। জেলের সাজার পাশাপাশি তাঁকে ৯০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা দিতে হবে, যা প্রায় ৭০,৫০০ মার্কিন ডলারের সমান। এছাড়াও, Beeaar Investco Pte নামক একটি কর্পোরেট সংস্থার আইনি মালিকানা সংক্রান্ত নথিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাইজু রবীন্দ্রন বিদেশি লগ্নিকারীদের দাবির মুখে পড়ে প্রবল চাপে ছিলেন। আমেরিকাতেও তাঁর বিরুদ্ধে ১২০ কোটি ডলারের ঋণখেলাপি সংক্রান্ত আইনি লড়াই চলছে। এই বিষয়ে বাইজু রবীন্দ্রনের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন কিনা, তাও স্পষ্ট নয়। থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট (Think & Learn Pvt) নামে এডটেক সংস্থা গড়ে তুলেছিলেন বাইজু রবীন্দ্রন, যা পরে Byju’s নামে পরিচিতি পায়। একসময় তিনি বিলিওনেয়ার হয়েছিলেন, তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সিঙ্গাপুরের আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেছে কাতার ইনভেস্টমেন্ট অথোরিটির একটি সহযোগী সংস্থা।