ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ বন্দে ভারত ও বুলেট ট্রেনের পর ভারতের পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রথম চালকবিহীন এয়ার ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তে যাত্রী পরিষেবার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
এই অত্যাধুনিক চালকবিহীন ট্রেন সিস্টেমটি বিমানবন্দরের টার্মিনাল ১, ২, ৩ সহ অ্যারোসিটি ও কার্গোসিটিকে ৭.৭ কিলোমিটার দীর্ঘ ট্রানজিট করিডরের মাধ্যমে সংযুক্ত করবে। করিডরের কিছু অংশ মাটির সমতলে এবং কিছু অংশ উড়ালপথে নির্মিত হবে। সম্পূর্ণ ইলেকট্রিকচালিত এই ট্রেনগুলি অত্যাধুনিক সেন্সর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সাহায্যে চলবে, চালকের প্রয়োজন হবে না।
এটি ভারতের প্রথম বিমানবন্দর হবে যেখানে এমন পরিষেবা চালু হচ্ছে। বর্তমানে টার্মিনালগুলির মধ্যে যাতায়াতের জন্য শাটল বাস পরিষেবা থাকলেও যানজট ও যাত্রীচাপের কারণে তা যথেষ্ট নয়। নতুন এয়ার ট্রেন চালু হলে ট্রানজিট যাত্রীদের সময় বাঁচবে এবং যাতায়াত নির্বিঘ্ন হবে। ট্রানজিট যাত্রীদের জন্য পরিষেবা বিনামূল্যে থাকবে, তবে সাধারণ দর্শনার্থীদের জন্য ন্যূনতম ভাড়া ধার্য হতে পারে।
এই প্রকল্পে আনুমানিক ৩৫০০ কোটি টাকা খরচ হবে, যা দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (DIAL) বহন করবে। অনুমোদন পেলে নির্মাণকাজ শেষ হতে প্রায় ৩০ মাস সময় লাগতে পারে। ২০২৭ সালের শেষভাগ থেকে ২০২৯ সালের মধ্যে এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্প ভারতের প্রযুক্তিগত অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।








