ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন: কারা পাবেন, জানুন সম্পূর্ণ তথ্য

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন। জাপানি সংস্থা টাকেডার QDENGA ভ্যাকসিনটি ৪ থেকে ৬০ বছর বয়সীরা নিতে পারবেন। জানুন কারা পাবেন ও কীভাবে কাজ করবে।

Share:

ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬ঃ ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিল ভারত সরকার। দেশের ইতিহাসে এই প্রথমবার ডেঙ্গু টিকার (Dengue Vaccine) বাজারে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) জাপানি সংস্থা টাকেডা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি QDENGA (TAK-003) ভ্যাকসিনটিকে ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে। এই টিকা ৪ থেকে ৬০ বছর বয়সী মানুষের জন্য প্রযোজ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিকা নেওয়ার আগে ডেঙ্গু হয়েছিল কিনা, তার কোনও পরীক্ষার প্রয়োজন হবে না। QDENGA ভ্যাকসিনটি দুটি ডোজে দেওয়া হবে, যেখানে প্রতিটি ডোজের পরিমাণ ০.৫ মিলিমিটার।

এটি ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে এবং প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে তিন মাসের ব্যবধান রাখতে হবে। যদিও এই টিকার উদ্ভাবন জাপানে, তবে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় টাকেডা ও হায়দ্রাবাদভিত্তিক ফার্মাসিউটিক্যাল সংস্থা Biological E যৌথভাবে ভারতেই এর উৎপাদন করবে। এর ফলে দ্রুত টিকা সরবরাহ সম্ভব হবে এবং ভবিষ্যতে দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সংস্থার দাবি অনুযায়ী, ফেজ-১, ফেজ-২ এবং ফেজ-৩ মিলিয়ে মোট ১৯টি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হয়েছে, যেখানে ২৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এই গবেষণার ফলাফলের ভিত্তিতেই ভারতে ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, QDENGA ডেঙ্গু ভাইরাসের চারটি আলাদা সেরোটাইপের বিরুদ্ধেই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম, যা ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত বিশ্বের অন্যতম ডেঙ্গু প্রবণ দেশ হওয়ায় এই টিকা জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।