ব্যুরো নিউজ, ৪ আগস্ট ২০২৬ঃ ফের অনশন আন্দোলনে উত্তাল ঝাড়খণ্ড। লাদাখের শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের পথ অনুসরণ করে এবার ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির সমর্থনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে হাজার হাজার শিক্ষার্থীর চলমান প্রতিবাদকে সমর্থন জানাতে রবিবার রাত থেকে এই কর্মসূচি শুরু করেছেন তিনি। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিবিআই ও ইডি তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। গত ৫ জুলাই JPSC প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই অসঙ্গতির অভিযোগ তুলে প্রতিবাদ শুরু হয়।
ছাত্রছাত্রীদের দাবি, পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং অবিলম্বে JPSC প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হোক। কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সদুত্তর না মেলায় দেবেন্দ্রনাথ মাহাতো এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই আন্দোলন এখন ‘এখনই অথবা কখনও নয়’ পর্যায়ে পৌঁছেছে। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।” দেবেন্দ্রনাথ মাহাতো রাঁচির এক সাধারণ গ্রামের বাসিন্দা। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তামার কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও, সাম্প্রতিককালে তিনি সমাজসেবা ও ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২০১৫ সাল থেকেই বৃত্তি, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব। তাঁর এই অনশন রাজ্যের ছাত্র আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার, এই আন্দোলন সরকারের উপর কতটা চাপ সৃষ্টি করতে পারে।








