ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ দেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে আরও এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল ভারত। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) সম্প্রতি ওড়িশার উপকূল থেকে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘ পাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল (LR-LACM) সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই অত্যাধুনিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেশের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে একটি মোবাইল লঞ্চারের মাধ্যমে এই মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।
DRDO সূত্রে খবর, পরীক্ষার সময় মিসাইলটি সমস্ত নির্ধারিত লক্ষ্য সফলভাবে পূরণ করেছে। রাডার, টেলিমেট্রি স্টেশন এবং ইলেকট্রিক অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে এর সম্পূর্ণ উড়ানের ওপর নিবিড় নজর রাখা হয়েছিল। প্রতিরক্ষা মহলে এই LR-LACM মিসাইলকে আমেরিকার বিখ্যাত টমাহক ক্রুজ মিসাইলের সমকক্ষ মনে করা হচ্ছে। এর পাল্লা ১০০০ থেকে ১৫০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এটি শত্রুদের ঘাঁটিতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর প্রধান বৈশিষ্ট্য হলো ‘টেরেন ফলোয়িং’ প্রযুক্তি, যা ভূমির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দেয়।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘মানিক স্মল টার্বোফ্যান ইঞ্জিন’ ব্যবহার হওয়ায় বিদেশি নির্ভরতা কমেছে। ভবিষ্যতে স্থল, নৌ এবং বায়ুসেনা, তিন বাহিনীতেই এই মিসাইল ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ভারতীয় নৌবাহিনীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করে শত শত কিলোমিটার দূরে শত্রুঘাঁটিতে হামলা চালানো সম্ভব। এই প্রকল্পটি পূর্ববর্তী ‘নির্ভয়’ মিসাইল কর্মসূচি থেকে বিকশিত হয়েছে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে।







