ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ বর্তমান জ্বালানি সংকটের আবহে পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণের বিষয়টি আলোচনায় থাকলেও, এবার ইথানল থেকে বিদ্যুৎ উৎপাদনের এক যুগান্তকারী খবর সামনে এসেছে। ব্রাজিল বিশ্বের প্রথম ইথানল ইঞ্জিন তৈরি করেছে, যা সম্পূর্ণরূপে ইথানলের সাহায্যে বৃহৎ পরিসরে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এতদিন ইথানল মূলত গাড়ি ও ট্রাকের মতো যানবাহনে পেট্রোল বা ডিজেলের বিকল্প হিসেবে ব্যবহৃত হতো।
কিন্তু এখন বিজ্ঞানীদের তৈরি এই বিশাল ইঞ্জিন পাওয়ার গ্রিডের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারবে, যা এই ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এই অত্যাধুনিক প্রকল্পটি ব্রাজিলের পের্নাম্বুকোতে অবস্থিত ‘সুয়াপে II পাওয়ার প্ল্যান্ট’-এ স্থাপন করা হয়েছে। জ্বালানি সংস্থা সুয়াপে এনার্জিয়া এবং ফিনল্যান্ডের প্রযুক্তি সংস্থা ভার্টসিলা এই প্রকল্পের নির্মাণে যুক্ত। ভার্টসিলা তাদের ৩২এম ইঞ্জিনকে বিশেষভাবে পরিবর্তন করেছে, যা শুধুমাত্র ব্রাজিলের আখ থেকে উৎপাদিত ইথানলে চলে। আগামী কয়েক বছর ধরে এর কর্মক্ষমতা, স্থায়িত্ব এবং দূষণের মাত্রা পরীক্ষা করা হবে।
ব্রাজিল বিশ্বের বৃহত্তম ইথানল উৎপাদক হওয়ায় এই প্রযুক্তি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তারা ইথানল উৎপাদনে অগ্রণী, বিদ্যুৎ উৎপাদনের ধারণাটি এতদিন উপেক্ষিত ছিল। এই নতুন ইঞ্জিন সৌর বা বায়ু শক্তির মতো সীমাবদ্ধতা ছাড়াই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA)-এর মতে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী জৈবশক্তির উৎপাদন দ্রুত বৃদ্ধি পাবে, তাই এই প্রযুক্তির ভবিষ্যৎ উজ্জ্বল বলেই অনুমান করা হচ্ছে।








