ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ দেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা সময়ে বিতর্ক থাকলেও, এবার এক ফরাসি পর্যটকের অভিজ্ঞতায় উজ্জ্বল হল ভারতের চিকিৎসা ব্যবস্থার ইতিবাচক দিক। সম্প্রতি ফ্রেঞ্চি নামের এক ফরাসি মোটরসাইকেল ভ্লগার ভারত ভ্রমণে এসে গলায় একটি লাম্প বা ফোলা অংশ অনুভব করেন। দ্রুত তিনি একটি ভারতীয় হাসপাতালে চিকিৎসার জন্য যান এবং সেখানে মাত্র ৫০০ ডলার (প্রায় ৪৭,২০০ টাকা) খরচ করে সফলভাবে অস্ত্রোপচার করান।
ফ্রেঞ্চি জানান, অস্ট্রেলিয়ায় একই ধরনের অস্ত্রোপচারের জন্য তাকে প্রায় ১২,০০০ ডলার (প্রায় ১১,৩৩,০০০ টাকা) খরচ করতে হয়েছিল। ভারতের হাসপাতালে এত কম খরচে এবং দ্রুততার সাথে চিকিৎসা পেয়ে তিনি রীতিমতো বিস্মিত। অস্ত্রোপচারের জন্য কোনো দীর্ঘ অপেক্ষার তালিকা ছিল না এবং এক সপ্তাহের মধ্যেই তাঁর অপারেশন সম্পন্ন হয়। এই পুরো অভিজ্ঞতাটি তিনি ক্যামেরাবন্দী করে সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন এবং ভারতের চিকিৎসা পরিষেবার মান নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন।
সাম্প্রতিককালে অনলাইনে ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা প্রচারের প্রবণতা দেখা গেলেও, ফ্রেঞ্চির মতো পর্যটকদের বাস্তব অভিজ্ঞতা সেইসব ধারণাকে ভুল প্রমাণ করে। যখন কোনো বিদেশি পর্যটক দেশের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, পেশাদার চিকিৎসা ব্যবস্থা এবং ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন, তখন তা ভারতের প্রকৃত চিত্র তুলে ধরে। এই ঘটনাটি প্রমাণ করে যে, ভারত কেবল পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য নয়, বরং উন্নত এবং সাশ্রয়ী চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও একটি নির্ভরযোগ্য কেন্দ্র।








