ব্যুরো নিউজ, ৮ নভেম্বর ২০২৬: লন্ডনের একটি প্রাইমারি স্কুলে কপালে তিলক পরার কারণে এক হিন্দু ছাত্রকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই ছাত্রের ভারতীয় বংশোদ্ভূত বাবা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণের মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, স্কুলটি স্বাধীনভাবে ধর্মাচরণে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম লন্ডনের ভাইকারস গ্রিন প্রাইমারি স্কুলে। ৯ বছরের ওই ছাত্র স্বামীনারায়ণের ভক্ত এবং বাড়িতেও সে তিলক-চন্দন পরে থাকত। স্কুলে যাওয়ার সময়েও সে এই অভ্যাস বজায় রাখে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এটিকে অস্বাভাবিক বলে মনে করে এবং ছাত্রটিকে লাগাতার প্রশ্ন ও কটূক্তি করতে থাকে। এর জেরে অতিষ্ঠ হয়ে ছাত্রটির অভিভাবকরা তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে বাধ্য হন। এই ঘটনা ঘটেছিল ২০২৫ সালে। অভিভাবকদের দাবি, স্কুলের এই আচরণ ছাত্রটির মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলেছিল।
তারা মনে করেন, ব্রিটিশ আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করার অধিকার রয়েছে। স্কুল কর্তৃপক্ষ সেই অধিকার খর্ব করেছে। তাই, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার আইনজীবীর মতে, স্কুলপড়ুয়াদের নিজস্ব ধর্মাচরণে বাধা দেওয়া মানবাধিকারের পরিপন্থী। তাই, ওই ছাত্রের উপর হওয়া মানসিক হেনস্থার ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার পাউন্ড দাবি করা হয়েছে। এই মামলাটি বর্তমানে বিচারাধীন এবং এর নিষ্পত্তি এখনও হয়নি।









