ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে আসন না পেয়ে চরম দুর্ভোগের শিকার হওয়া যাত্রীদের জন্য স্বস্তির খবর। এবার ভারতীয় রেলকে ২০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত। ঘটনাটি বিহারের ভোজপুর জেলার। জানা গিয়েছে, এলটিটি পাটনা এক্সপ্রেসে চারজন যাত্রী তাঁদের কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও আসনে বসতে পারেননি। তাঁদের আসনে অন্য যাত্রীরা বসে থাকায় রেল কর্তৃপক্ষের সাহায্য চেয়েও পাননি। শেষ পর্যন্ত তাঁদের দাঁড়িয়েই যাত্রা করতে হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই চার যাত্রী আদালতের দ্বারস্থ হন।
ভোক্তা আদালত এই মামলায় রায় দিতে গিয়ে জানায় যে, কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও যাত্রীদের আসন না দেওয়া রেলের পরিষেবার বড় ঘাটতি। এর ফলে যাত্রীরা মানসিক, শারীরিক ও আর্থিক ভাবে হেনস্থার শিকার হয়েছেন। আদালত উত্তর মধ্য রেল, রেল মন্ত্রক এবং ভারতীয় রেলকে এই ঘটনার জন্য দায়ী করে। আদালত নির্দেশ দিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রত্যেক যাত্রীকে ২০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, তাঁদের দেওয়া টিকিট বাবদ ১,৮৭৬.৮০ টাকাও ৮ শতাংশ বার্ষিক সুদ সহ ফেরত দিতে হবে।
এছাড়াও, মামলা পরিচালনার খরচ বাবদ আরও ১৫,০০০ টাকা প্রদানের আদেশ দেওয়া হয়েছে। এই সমস্ত অর্থ ৬০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলে আদালত জানিয়েছে। এই রায় রেল যাত্রীদের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।







