ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন, ৪০ পয়সা কমে পৌঁছল ৯৬.৯৩ টাকায়

ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন। আজ সকালে লেনদেনের শুরুতে রুপির দাম ৪০ পয়সা কমে ৯৬.৯৩ টাকায় পৌঁছয়। জেনে নিন কারণ।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ আন্তর্জাতিক বাজারে ফের বড় ধাক্কা খেল ভারতীয় মুদ্রা। মার্কিন ডলারের (United States Dollar) বিপরীতে ভারতীয় টাকার (Indian Rupee) রেকর্ড পতন হল। আজ সকালে বাজার খোলার পর লেনদেনের শুরুতে রুপির দাম ৪০ পয়সা কমে ৯৬.৯৩ টাকায় পৌঁছয়, যা ভারতীয় মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন স্তর। এর আগের সেশনে এই দাম ৯৬.৬১ এর কাছাকাছি ছিল।

বিশেষজ্ঞদের মতে, ডলারের বিপরীতে টাকার এই রেকর্ড পতনের পিছনে তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যাহত হওয়া এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুটে অস্থিরতা বাড়ায় তৈলবাহী জাহাজগুলি আসতে পারছে না, যার ফলে ভারতকে বেশি পরিমাণে ডলার খরচ করতে হচ্ছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দামও বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ফেব্রুয়ারি মাস থেকে ৫০ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ১১১ ডলার ছাড়িয়েছে। ভারত যেহেতু তার সিংহভাগ তেল আমদানি করে, তাই তেল কিনতে বেশি ডলার ব্যয় করতে হচ্ছে।

শুধু তেল নয়, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার ও বন্ড বাজার থেকেও বিনিয়োগ তুলে নিচ্ছেন, যা টাকার পতনের অন্যতম কারণ। এর ফলে সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব পড়বে। দৈনন্দিন জীবনে খরচ বাড়বে, পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়তে পারে এবং আমদানি করা ইলেকট্রনিক গ্যাজেটস বা ভোজ্য তেলের দামও বৃদ্ধি পাবে।