কেতন আগরওয়াল হত্যা মামলায় ‘দুই আইনজীবী’ বিতর্ক তুঙ্গে, সিয়ার ভাইকে ১০ কোটির নোটিস

কেতন আগরওয়াল হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গোয়েলের আইনজীবী নিয়ে বিতর্ক। সিয়ার ভাইকে ১০ কোটির মানহানির নোটিস পাঠালেন এক আইনজীবী।

Share:

ব্যুরো নিউজ, ৩০ জুন ২০২৬ঃ পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গোয়েলকে ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। কেতন খুনের তদন্ত চলাকালীনই সিয়ার হয়ে আদালতে কে সওয়াল করবেন, তা নিয়ে শুরু হয়েছে আইনি টানাপোড়েন। আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব দাবি করেছেন, সিয়া গোয়েল নিজেই তাঁকে আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন এবং সেই সংক্রান্ত নথি আদালতে জমা দিয়েছেন। তাঁর বক্তব্য, তিনি বৈধভাবেই সিয়ার হয়ে আইনি লড়াই করছেন এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

অন্যদিকে, সিয়ার ভাই সাহিল গোয়েল প্রকাশ্যে জানিয়েছেন, তাঁদের পরিবার আশুতোষ শ্রীবাস্তবকে নিয়োগ করেনি। পরিবারের পক্ষ থেকে বিপুল দুশিংয় নামে এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সাহিলের অভিযোগ, আশুতোষ শ্রীবাস্তব পরিবারের অনুমতি ছাড়াই মামলা লড়ার দাবি করছেন এবং ওকালতনামায় সিয়ার যে সই দেখানো হচ্ছে, তাও প্রতারণার মাধ্যমে নেওয়া। সাহিল গোয়েলের এই মন্তব্যের পরেই আশুতোষ শ্রীবাস্তব তাঁকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন।

নোটিসে বলা হয়েছে, সাহিলের মন্তব্যে শ্রীবাস্তবের পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনসমক্ষে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগ করা হয়েছে। তাই প্রকাশ্যে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই বিতর্কের সূত্রপাত হয় যখন পুলিশি হেফাজতের মেয়াদ শেষে সিয়াকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় আশুতোষ শ্রীবাস্তব সিয়ার হয়ে কেস লড়ার দাবি করে সই করা ওকালতনামা দাখিল করেন।

তবে, সিয়া আদালতকে জানান যে শ্রীবাস্তব নন, বরং আইনজীবী বিপুল দুশিংই তাঁর আইনজীবী। এই নতুন আইনি টানাপোড়েন মূল ফৌজদারি তদন্তের পাশাপাশি এখন অভিযুক্তের আইনজীবী নিয়েও নতুন মাত্রা যোগ করেছে।