ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: বিচারকের নাবালক ছেলের বেপরোয়া মার্সিডিজ চালানোর জেরে এক পথচারীর মৃত্যুর ঘটনায় এবার কোচি সিটি পুলিশ কমিশনার এস কালীরাজ মহেশ কুমারকে পদ থেকে সরানো হল। একই সঙ্গে এই ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে চেরানাল্লুর থানার চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কেরালা রাজ্য সরকারের এই পদক্ষেপে ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্ন আরও জোরালো হল।
চেরানাল্লুর এলাকায় রবিবার দুপুরে একটি দ্রুতগামী মার্সিডিজ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জয়বালাকৃষ্ণনন নামের এক পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিল অতিরিক্ত বিচারকের ১৭ বছরের নাবালক ছেলে।
অভিযুক্তকে প্রথমে গ্রেপ্তার করা হলেও পরে সোমবার তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সাতীশানের নির্দেশে স্বরাষ্ট্র দফতর এই পদক্ষেপ নিয়েছে।
জানা গিয়েছে, আর নিশান্থিনি কোচি সিটি পুলিশ চিফের নতুন দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে, সাসপেন্ড হওয়া চার পুলিশ কর্মীর মধ্যে রয়েছেন স্টেশন হাউস অফিসার ও সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ ভি এস, সার্কেল ইন্সপেক্টর শ্যামকুমার কে এস এবং গ্রেড এএসআই মনোজ কে টি ও সিনিয়র সিভিল পুলিশ অফিসার অরুণ যোশি।
ঘটনার পর থেকেই মৃত ব্যক্তির পরিবার পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তাদের অভিযোগ, পুলিশ প্রথম থেকেই সঠিক তদন্ত করছে না। যদিও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্তে নিরপেক্ষতার আশ্বাস দিয়েছেন।








