ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ রাশিয়ার রাজধানী মস্কোয় সম্প্রতি এক বিরল ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন এলাকায় ‘কালো বৃষ্টি’ বা তেল-মিশ্রিত বৃষ্টির খবর সামনে এসেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃষ্টির সঙ্গে কালো রঙের তৈলাক্ত পদার্থ পড়ছে, যার দাগ গাড়ি, জানালার কার্নিশ, এমনকি মানুষের পোশাকেও স্পষ্ট দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বহু গাড়ির গায়ে কালো দাগ এবং বাড়ির জানালার ধারে একই ধরনের কালো অবশেষের প্রমাণ মিলেছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই অস্বাভাবিক ‘কালো বৃষ্টি’র নেপথ্যে রয়েছে মস্কোর কাপোতন্যা তেল শোধনাগারে হওয়া ব্যাপক ড্রোন হামলা। জানা গিয়েছে, ইউক্রেনের তরফে চালানো এই গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হয়, যার জেরে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বহু টন ওজনের একটি ইস্পাতের সংরক্ষণ ট্যাঙ্কের ঢাকনা আকাশে ছিটকে যায় বলে দাবি করা হচ্ছে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় কালো ধোঁয়া এবং তেলজাতীয় কণার ব্যাপক বিস্তার ঘটে।
বিশেষজ্ঞদের একাংশের অনুমান, সেই তেল-জাতীয় দূষিত কণাই বৃষ্টির জলের সঙ্গে মিশে ‘কালো বৃষ্টি’র আকারে নেমে এসেছে। মস্কো অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে এমন ঘটনার খবর আসতে শুরু করেছে। কাপোতন্যা শোধনাগার মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র। এই হামলা শুধু পরিকাঠামোগত নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছে না, বরং এর পরিবেশগত প্রভাব নিয়েও গভীর উদ্বেগ বাড়াচ্ছে।
কালো দাগ এবং তৈলাক্ত অবশেষের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বৃষ্টির জলে পেট্রোলিয়াম-ভিত্তিক দূষিত পদার্থ মিশে থাকতে পারে। যদিও রুশ কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এই তথাকথিত ‘কালো বৃষ্টি’র প্রকৃতি নিয়ে বিস্তারিত সরকারি ব্যাখ্যা প্রকাশ করা হয়নি, তবে ঘটনাটি ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।








