সিন্ধু জল চুক্তি: কানাডার ‘ভারতীয়’ বিদেশমন্ত্রীর কাছে পাকিস্তানের আকুতি

সিন্ধু জল চুক্তি পুনর্বহালের দাবিতে এবার কানাডার ভারতীয় বংশোদ্ভূত বিদেশমন্ত্রী অনিতা আনন্দের কাছে আবেদন জানাল পাকিস্তান। ভারতের সিদ্ধান্তের জেরে এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়েছে, দাবি ইসলামাবাদের।

Share:

ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬ঃ পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়ায় এবার কানাডার দ্বারস্থ হল পাকিস্তান। দীর্ঘ প্রতীক্ষার পর কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ ইসলামাবাদ সফরে এলে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাক দার তাঁর কাছে এই চুক্তি পুনর্বহালের জন্য আবেদন জানান। ভারতের এই সিদ্ধান্তে এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে বলে পাক বিদেশমন্ত্রী অভিযোগ করেছেন।

জানা গিয়েছে, প্রায় দুই দশকেরও বেশি সময় পর কানাডার কোনও বিদেশ মন্ত্রী পাকিস্তান সফরে এসেছেন। এই গুরুত্বপূর্ণ সফরেই ইসাক দার ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দের কাছে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টির অনুরোধ করেন। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ইসাক দার সিন্ধু জলবন্টন চুক্তির বিষয়টি উত্থাপন করেন এবং দাবি করেন যে ভারত আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা মানছে না এবং জলকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

নয়া দিল্লি অবশ্য সিন্ধু জল চুক্তি পুনর্বহাল করার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এমতাবস্থায়, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইছে পাকিস্তান। যদিও কানাডার বিদেশমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। অনিতা আনন্দ তাঁর পাকিস্তান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। এই ঘটনা ভারত-পাকিস্তান জল বিবাদকে নতুন মাত্রা দিল।