ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: মার্কিন কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভূতদের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হল। ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে নজির গড়লেন ৩৯ বছর বয়সি পিয়া দান্ডিয়া। ডেমোক্র্যাট প্রার্থী পিয়ার এই জয়ের ফলে তিনি ফ্লোরিডা থেকে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় প্রতিনিধি হলেন। একই সঙ্গে ‘সামোসা ককাস’-এ যুক্ত হল আরও একটি নতুন মুখ।
প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ক্যাসি আসকারকে পরাজিত করেছেন পিয়া। নির্বাচনে তিনি পেয়েছেন প্রায় ৫১.৯ শতাংশ ভোট, যেখানে আসকারের প্রাপ্ত ভোট ৪৮ শতাংশের কাছাকাছি। উল্লেখযোগ্য বিষয়, ফ্লোরিডার এই আসনটি নতুন করে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে তৈরি হয়েছিল। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত এই অঞ্চলে পিয়ার জয় তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।
ভারতীয় অভিবাসী পরিবারের প্রথম প্রজন্মের আমেরিকান পিয়া পেশাগত জীবনে ছিলেন শিক্ষিকা। পরবর্তীতে নিউ ইয়র্কের হারলেমে একটি স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্বও সামলেছেন। তরুণদের কল্যাণমূলক প্রকল্প পরিচালনা এবং বিভিন্ন জাতীয় প্রশাসনের অধীনে ফেলোশিপের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
মার্কিন কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভূত আইনপ্রণেতাদের অনানুষ্ঠানিক গোষ্ঠী ‘সামোসা ককাস’ নামে পরিচিত। পিয়ার জয় এবং অ্যারিজোনায় অমিশ শাহের সাফল্যের ফলে এই গোষ্ঠীর সদস্যসংখ্যা ফের ছয়ে পৌঁছনোর সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই অমি বেরা, রো খান্না, প্রমীলা জয়পাল এবং সুহাস সুব্রহ্মণ্যম পুনর্নির্বাচিত হয়েছেন।
পিয়ার এই সাফল্য মার্কিন রাজনীতিতে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের ক্রমবর্ধমান প্রভাবেরই নতুন দৃষ্টান্ত।








