ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প পিএম কিষান সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তি শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। তবে, এই কিস্তি পেতে হলে কৃষকদের কিছু গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ই-কেওয়াইসি (eKYC), আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক এবং সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থাকা বাধ্যতামূলক। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য কৃষকদের নিজেদের ব্যাঙ্কে গিয়ে ডিবিটি (Direct Benefit Transfer) সক্রিয় করতে হবে। এছাড়াও, নাম, IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে আপডেট করা হয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে। যারা এখনও এই প্রকল্পের জন্য আবেদন করেননি, তারা পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ এ গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হয়। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। প্রাতিষ্ঠানিক ভাগ চাষী বা ১০ হাজার টাকার বেশি পেনশনভোগী সরকারি কর্মচারীরা এই সুবিধা পাবেন না। আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকতে হবে, যা মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা জরুরি। তাই, দ্রুত প্রয়োজনীয় কাজগুলি সেরে নিয়ে ২৩তম কিস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।








