ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: রাজস্থানের এক আইএএস এবং আইপিএস অফিসারের পরিবার সম্প্রতি এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনার জন্য খবরের শিরোনামে এসেছেন।
জানা গেছে, তাঁরা একটি সংস্থার কাছ থেকে ৪০টি ভিলা এবং কটেজ কিনেছেন। শুধু তাই নয়, এই সম্পত্তিগুলি আবার সেই একই সংস্থাকে বার্ষিক ১.৮০ কোটি টাকা ভাড়ায় দিয়েছেন। এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিকানা এবং ভাড়ার চুক্তি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সরকারি আধিকারিকদের এমন আর্থিক লেনদেন নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে এই বিশাল সম্পত্তি কেনা সম্ভব হলো এবং এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।
রাজস্থান সরকারের অতিরিক্ত মুখ্যসচিব শিখর আগরওয়াল ও তাঁর স্ত্রী পুলিশের অতিরিক্ত পরিচালক (এডিজি) প্রশাখা মাথুর গোয়াল, ফ্যাশনস প্রাইভেট লিমিটেড যা সারা দেশে ‘অনন্ত’ ব্র্যান্ডের অধীনে ১৪টি রিসোর্ট ও হোটেল পরিচালনা করে, তাদের সাথে ২০২৩ সালে উদয়পুরের বুঝদায় ২০টি কটেজ এবং ২০২৬ সালে আলওয়ারের আজবগড়ে ২০টি ভিলা রেজি স্টার করেন।
তাঁরা এই ৪০টি ভিলা ও কটেজ কেনার জন্য মোট ৬ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় করেন। এগুলো কেনার পর, তাঁরা সম্পত্তিগুলো পুনরায় গোয়াল ফ্যাশনসকেই ভাড়া দেন, যাদের কাছ থেকে এগুলো কিনেছিলেন। এই চুক্তির আওতায়, বুঝদার ২০টি কটেজের প্রতিটির বার্ষিক ভাড়া ৪ লক্ষ টাকা এবং আজবগড়ের ২০টি ভিলার প্রতিটির বার্ষিক ভাড়া ৫ লক্ষ টাকা করে নির্ধারিত করা হয়েছিল। সব মিলিয়ে, এই সম্পত্তিগুলো থেকে বছরে মোট ১ কোটি ৮০ লক্ষ টাকা ভাড়া আয় হত।
সূত্রের খবর, এই লেনদেনটি অত্যন্ত সুকৌশলে করা হয়েছে, যা সাধারণ মানুষের নজরে আসার কথা নয়। কিন্তু সম্প্রতি কিছু তথ্য প্রকাশ্যে আসার পরেই বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবিও উঠেছে। এই ঘটনাটি সরকারি চাকরিতে থাকা ব্যক্তিদের আর্থিক স্বচ্ছতা এবং নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে এলে বোঝা যাবে এর গভীরতা কতটা।








