ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন। শনিবার তেলঙ্গানা বিজেপির উদ্যোগে হায়দরাবাদে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধং দেহি মেজাজে ধরা দেন।
জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার (Jammu Kashmir Pahalgam Attack) জেরে সিন্ধু জল-চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করার ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে রাজনাথ বলেন, “সন্ত্রাসবাদে মদতদাতাদের এবং মানবতার শত্রুদের কাছে সিন্ধু নদের এক ফোঁটা জলও পৌঁছতে দেব না।” প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, পহেলগাম সন্ত্রাসী হামলার পর সিন্ধু জল-চুক্তি স্থগিত করে ভারত বুঝিয়ে দিয়েছে যে, যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, তাদের কাছে সিন্ধু নদের জল পৌঁছবে না। উল্লেখ্য, পহেলগামে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর ভারত সরকার পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের ‘সিন্ধু জল চুক্তি’ সাময়িকভাবে স্থগিত করে দেয়। এই পদক্ষেপের মাধ্যমে ভারত তার দৃঢ় অবস্থান স্পষ্ট করেছে। রাজনাথ সিং আরও বলেন, মোদী সরকার ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor)-এর মাধ্যমে প্রমাণ করেছে যে, যারা শান্তি বোঝে না, তাদের কীভাবে ‘তাদের নিজস্ব ভাষাতেই’ জবাব দিতে হয়।
একই সঙ্গে তিনি দেশের শত্রুদের সতর্ক করে বলেন, “ভারতের শত্রুদের মনে রাখা উচিত, এই দেশের কাছে যেমন (মানুষ বাঁচানোর) ভ্যাকসিন রয়েছে, তেমনই (শত্রু দমনের) ‘ব্রহ্মস’ (BrahMos Missile)-এর মতো মারাত্মক ক্ষেপণাস্ত্রও রয়েছে।” বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আজ ভারত বিশ্বজুড়ে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং কোভিড-১৯ মহামারীর সময়ে বিশ্বব্যাপী সাহায্যের জন্য ভারতকে ‘বিশ্ববন্ধু’ হিসেবে গণ্য করা হয়। তিনি দেশের অর্থনীতি ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে অগ্রগতির খতিয়ানও তুলে ধরেন।







