অর্থনৈতিক চাপে সোনা বিক্রি করল রিজার্ভ ব্যাঙ্ক? ব্লুমবার্গের রিপোর্টে চাঞ্চল্য

অর্থনৈতিক সংকটে বিদেশি মুদ্রাভাণ্ডার বাঁচাতে রিজার্ভ ব্যাঙ্ক সোনা বিক্রি করেছে, দাবি ব্লুমবার্গের। টাকার মূল্যহ্রাস ও জ্বালানি খরচ বৃদ্ধিই কারণ।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে যে, দেশের বিদেশি মুদ্রাভাণ্ডারের পতন রুখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তাদের সঞ্চিত সোনার একটি অংশ বিক্রি করেছে। এর ফলে ১৯৯১ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি, তবে এই খবর দেশের আর্থিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানির খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা ভারতের মতো আমদানিনির্ভর অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এর পাশাপাশি ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্যও ক্রমাগত কমছে, যা সেঞ্চুরি পারের মুখে।

এই পরিস্থিতিতে বিদেশি মুদ্রাভাণ্ডার বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আগামী এক বছরের জন্য সোনা কেনা এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার বার্তা দিয়েছিলেন। সরকারের এই ধরনের বার্তা এবং ব্লুমবার্গের রিপোর্ট একই সময়ে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, সরকারের তরফে সোনা আমদানিতে শুল্ক বাড়ানো সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্কের স্বর্ণভাণ্ডার কমেছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, আর্থিক চাপ সামলাতে সরকার সোনা বিক্রির পথে হেঁটেছে। জানা যাচ্ছে, প্রায় ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার মূল্যের সোনা বিক্রি করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় এক লক্ষ কোটিরও বেশি। এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, এবং ভবিষ্যতে এর দীর্ঘমেয়াদী পরিণতি কী হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।