শিমলায় ট্যাক্সি চালককে লাথি, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড পুলিশ অফিসার

শিমলায় ট্যাক্সি চালককে লাথি মারার অভিযোগে সাসপেন্ড হলেন এক পুলিশ অফিসার। ভিডিয়ো ভাইরাল হতেই দ্রুত পদক্ষেপ প্রশাসনের, বিভাগীয় তদন্তের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ , ১৫ই মে ২০২৬ঃ কর্তব্যরত অবস্থায় এক ট্যাক্সি চালককে লাথি মারার অভিযোগে সাসপেন্ড করা হল শিমলা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI)-কে। পেয়ার সিং নামের ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে সে রাজ্যের প্রশাসন। শুক্রবার ঘটনাটি ঘটলেও রবিবার সোশ্যাল মিডিয়ায় এর ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন।

সূত্রের খবর, শিমলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে ভিআইপি যাওয়ার কথা ছিল। সেই কারণে কর্তব্যরত ASI পেয়ার সিং রাস্তার ধারে পার্ক করা একটি ট্যাক্সি ও একটি মোটরসাইকেল দ্রুত সরাতে বলেন। ট্যাক্সি চালক জানান, তিনি একা দুটি গাড়ি সরাতে পারবেন না। এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এক পর্যায়ে পুলিশ অফিসার মেজাজ হারিয়ে ট্যাক্সি চালককে সজোরে লাথি মারেন। চালক তখন নিজের মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করতে শুরু করেন। ভিডিয়োয় দেখা যায়, চালক অফিসারের নেমপ্লেট দেখে তাঁর নাম জিজ্ঞেস করছেন, ঠিক সেই মুহূর্তেই ASI পেয়ার সিং তাঁকে লাথি মারেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

শিমলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক জানিয়েছেন, এ ধরনের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে এবং কর্তব্যে গাফিলতি বা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না।