সোনম ওয়াংচুকের স্কুলে প্রশাসনের কড়া নির্দেশ! জমি মামলায় আদালতের রায় না আসা পর্যন্ত বন্ধ রাখতে হবে কাজকর্ম

জমির আইনি জটিলতায় লাদাখে সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ। হাই কোর্টে মামলা বিচারাধীন, তাই আপাতত বন্ধ সব কার্যকলাপ।

Share:

ব্যুরো নিউজ, ৪ নভেম্বর ২০২৬: শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের স্কুল বন্ধ করে দিল লাদাখ প্রশাসন। জমি সংক্রান্ত আইনি জটিলতার জেরে ফিয়াং-এর ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’-এর সমস্ত কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর হাই কোর্টে এই সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রশাসনের অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই স্কুলটি চলছিল। গত ১ নভেম্বর লেহর তহশিলদার দফতর থেকে সোনমের স্ত্রী তথা হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভসের (এইচআইএএল) সহ-প্রতিষ্ঠাতা গীতাঞ্জলী জে আংমোকে একটি নোটিস পাঠানো হয়। সেখানে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এই বিতর্কের মূলে রয়েছে এইচআইএএল-কে বরাদ্দ করা ১,০৭৬ কানাল জমি, যা প্রশাসন বাতিল করে দিয়েছিল। এর প্রতিবাদে সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠান হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। বর্তমানে মামলাটি বিচারাধীন। এই পরিস্থিতিতে স্কুল বন্ধের সিদ্ধান্তে শিক্ষাজগতে চাঞ্চল্য ছড়িয়েছে। দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবিতে সোচ্চার সোনম ওয়াংচুকের এই স্কুল বন্ধ হওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।