ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ কেন্দ্রীয় সরকারের এক বড় নির্দেশিকায় এবার প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকান থেকে কোনো ধরনের সিরাপই কেনা যাবে না। মঙ্গলবার থেকে দেশজুড়ে কার্যকর হলো এই নতুন নিয়ম। এই নির্দেশিকার আওতায় কাশির সিরাপও পড়বে বলে জানানো হয়েছে। অর্থাৎ, এখন থেকে একজন নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গ্রাহকরা কোনো সিরাপ কিনতে পারবেন না। গত জুন মাসে ‘ড্রাগস (পঞ্চম সংশোধন) নিয়ম, ২০২৬’-এর অধীনে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছিল।
সেই নির্দেশিকায় বলা হয়েছিল, সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই এটি কার্যকর হবে। সেই অনুযায়ী, মঙ্গলবার থেকে এই কড়াকড়ি শুরু হলো। কেন্দ্রীয় সরকার বাজারে যে সমস্ত ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই সহজলভ্য ছিল, সেই তালিকা থেকে ‘সিরাপ’ শব্দটি বাদ দিয়েছে। এর ফলে এখন প্রেসক্রিপশন ছাড়া যেকোনো ধরনের সিরাপ কেনা সম্পূর্ণ বেআইনি। উল্লেখ্য, গত বছর কাশির সিরাপ নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
মধ্যপ্রদেশে অন্তত ২২ শিশুর মৃত্যুর ঘটনায় সেই বিতর্ক আরও বাড়ে। এরপর রাজ্যগুলিতে তদন্ত শুরু হয় এবং নির্দিষ্ট কিছু ওষুধ সংস্থার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। এমনকি, ভারতে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য সমস্ত কাশি ও সর্দি-কাশির ওষুধ নিষিদ্ধ করা হয়েছিল। সেই প্রেক্ষাপটেই এবার সব ধরনের সিরাপের ক্ষেত্রে এই কড়াকড়ি সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই পদক্ষেপ জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।







