ব্রিটেনে ইতিহাস গড়লেন ২৩ বছরের ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার, হলেন সর্বকনিষ্ঠ মেয়র

২৩ বছরের ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার ব্রিটেনে সর্বকনিষ্ঠ মেয়র হয়ে ইতিহাস গড়লেন। এলস্ট্রি এবং বোরোহামউডের মেয়র হিসেবে তাঁর অঙ্গীকার জনসেবা।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ ব্রিটেনে এক নতুন ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার। মাত্র ২৩ বছর বয়সে তিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পূর্ব ইংল্যান্ডের এলস্ট্রি এবং বোরোহামউড টাউনের মেয়র নির্বাচিত হয়েছেন তুষার। লন্ডনের কিংস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা তুষার কুমার গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই গুরুদায়িত্ব গ্রহণ করেন।

জানা গিয়েছে, লেবার কাউন্সিলর হিসেবে তুষার কুমার ২০২৩ সালে এলস্ট্রি এবং বোরোহামউড টাউন কাউন্সিলে যোগ দিয়েছিলেন। এরপর তিনি ডেপুটি মেয়র হিসেবেও সাফল্যের সঙ্গে কাজ করেন। সোমবার, আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পর তুষার কুমার তাঁর উপর আস্থা রাখা এবং সমর্থনকারী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “যাঁরা আমার উপর আস্থা রেখেছিলেন, আমার এই দীর্ঘ যাত্রায় সমর্থন করেছিলেন এবং আমাকে উৎসাহ যুগিয়ে ছিলেন তাঁদের প্রত্যেকের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ।” তুষার কুমার আরও জানান, তিনি আগামী দিনে সম্প্রদায়ের সেবা করতে এবং একজন যোগ্য মুখ হিসেবে কাজ করতে আগ্রহী। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে, স্থানীয় বিভিন্ন সংস্থা ও দাতব্য সংস্থাকে সমর্থন করতে এবং তরুণদের জন্য জনসেবামূলক কাজে নিজেকে উৎসর্গ করতে চান। তিনি বিশ্বাস করেন, “সাম্প্রদায়িক পর্যায়েই আসল পরিবর্তন শুরু হয়।” মেয়র হিসেবে তিনি সম্প্রতি ইংল্যান্ডের দাতব্য সংস্থা WD6 ফুড সাপোর্টকে বেছে নিয়েছেন, যা অভাবী মানুষদের সাহায্য করে।