ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ কেন্দ্রের এক যুগান্তকারী উদ্যোগে দেশের ১৮টি শহরে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা। এর ফলে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শ্রীনগর, গুয়াহাটি, পটনা, বারাণসী, অযোধ্যা এবং প্রয়াগরাজের মতো শহরগুলি প্রথম পর্যায়ে এই পরিষেবার আওতায় আসবে।
এতদিন শ্রীনগরে যাতায়াতের জন্য মূলত ট্রেন বা ফ্লাইটের উপর নির্ভর করতে হলেও, এবার ওয়াটার মেট্রো এক নতুন বিকল্প দেবে। কোচি ওয়াটার মেট্রোর সফল মডেলের আদলে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। সরকারি সূত্রে খবর, ওয়াটার মেট্রোর দ্বিতীয় পর্যায়ে অসমের তেজপুর এবং ডিব্রুগড়কেও এই তালিকায় রাখা হয়েছে। এই আধুনিক পরিবহন ব্যবস্থায় মূলত ইলেকট্রিক এবং হাইব্রিড ফেরি ব্যবহার করা হবে। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমবে, তেমনই শহরের যানজট নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণ ভূমি
কা পালন করবে। কেন্দ্রের দাবি অনুযায়ী, প্রচলিত মেট্রো প্রকল্পের তুলনায় ওয়াটার মেট্রো অনেকটাই কম খরচসাপেক্ষ, যা এটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। ইতিমধ্যে ১৮টি শহরের সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে কোচি মেট্রো রেল লিমিটেডকে। জানা গেছে, বেশিরভাগ শহরের সমীক্ষাই সম্পন্ন হয়েছে এবং দ্রুত এই প্রকল্পগুলি বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। এই পরিষেবা চালু হলে দেশের বিভিন্ন শহরের মধ্যে যাতায়াত আরও সহজ হবে এবং পর্যটন শিল্পেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, অতীতে কলকাতায় ওয়াটার মেট্রো চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং কোচি ওয়াটার মেট্রো প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথাও ছিল, যদিও সেই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। কেন্দ্রের এই নতুন পদক্ষেপ দেশের পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে এবং নাগরিকদের জন্য আরও উন্নত ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবে।








